
২০০৫ সালের ফ্রেঞ্চ ওপেনে এক নতুন চ্যাম্পিয়নের আবির্ভাব হয়। ফ্রেঞ্চ ওপেনের রাজা হিসেবে নাম লেখান স্পেনের রাফায়েল নাদাল। তখন পর্যন্ত ফ্রেঞ্চ ওপেনের রাজা হিসেবে কারো একছত্র আধিপত্য ছিল না। তাই সকলে ধরে নিয়েছিল,নতুন কোনো চ্যাম্পিয়নই হয় তো আসছে পরের বছর। তবে সবার ধারণা ভুল প্রমাণিত করে,আবারও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে বসলেন নাদাল। বিস্ময়ের আরও কিছু যেন বাকি ছিল তখন! পরের দুই বছরও নাদালকে সিংহাসনচ্যুত করতে পারেনি কেউ। তবে ২০০৯ সালে ইনজুরি জর্জরিত নাদাল শিরোপা হাতছাড়া করেন। ২০১০ সাল থেকে আবারও শুরু হয় নাদালের শিরোপা জয়ের ধারা। যেই ধারা অব্যাহত থাকে ২০১১ তে এবং এ বছর ২০১২ তে-ও তার ব্যতিক্রম হয়নি। মাঝখানে ২০০৯ সালটা বাদ দিলে ২০০৫ থেকে চলতি ২০১২ সাল পর্যন্ত ফ্রেঞ্চ ওপেনে নাদালের শিরোপা জয়টা যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এই আট বছরে ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককে মাত্র দুইজন চ্যাম্পিয়নের (অন্যজন রজার ফেদেরার,২০০৯ সালে) দেখা মিললেও মহিলা এককে সংখ্যাটা দাঁড়িয়েছে ৬ জনে! নাদালের শিরোপা জয়রথ ঃ ফ্রেঞ্চ ওপেনে নাদালের সাত শিরোপার প্রথমটি আসে ২০০৫ সালে। সেবার ফাইনালে আর্জেন্টাইন মারিয়ানো পুয়ের্তোকে ৬-৭(৬-৮),৬-৩,৬-১,৭-৫ গেমে হারিয়ে শিরোপা জিতে নেন নাদাল। উল্লেখ্য, সেমিফাইনালে প্রথম বাছাই ফেদেরারকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন নাদাল। ২০০৬ সালের ফাইনালে নাদালের প্রতিপক্ষ ছিলেন সেই ফেদেরার। প্রথম সেট ৬-১ এ জিতে নেওয়ার সময় অনেকেই হয়তো ভেবেছিল,আগের বছরের সেমিফাইনালে হারের প্রতিশোধটা ফেদেরার ভাল ভাবেই নেবেন। তবে সকালের সূর্য সবসময় দিনের পূর্বাভাস দেয়না। পরের তিন সেট ৬-১,৬-৪,৭-৬(৪-০) গেমে জিতে শুধু ম্যাচটিই নয়,শিরোপাটিই জিতে নেন নাদাল। ২০০৭ সাল,এবারও ফাইনালে মুখোমুখি নাদাল ও ফেদেরার এবং এবারও হার এড়াতে পারলেন না ফেদেরার। ৬-৩,৪-৬,৬-৩,৬-৪ গেমে পরাজয় মেনে নেন ফেদেরার। ২০০৮ সালের চিত্রনাট্যও একই, নাদাল বনাম ফেদেরার। গত দুই আসরের ফাইনালের প্রতিটিতে একটি করে সেট জিতলেও, এবার নাদালের সামনে দাঁড়াতেই পারলেন না ফেদেরার। ৬-১,৬-৩,৬-০ গেমে জিতে টানা চতুর্থ বারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা নিজের করে নেন নাদাল। ২০০৯ সাল,এবারের চিত্রনাট্যটা পুরোপুরি ভিন্নই বটে,ইনজুরিতে জর্জরিত নাদাল টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে রবিন সোদারলিং এর কাছে পরাজিত হয়ে বিদায় নেন। সেইবারের ফাইনালেও ছিলেন ফেদেরার। তবে সেবার আর খালি হাতে নয়,রবিন সোদারলিংকে হারিয়ে শিরোপা নিয়েই বাড়ি ফিরেছিলেন তিনি।
২০১০ সাল, আবারও সেই নাদাল। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পান সেই রবিন সোদারলিংকেই যার কাছে হেরে গতবার টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলেন। ৬-৪,৬-২,৬-৪ গেমে হারিয়ে শিরোপা জয়ের পাশাপাশি গত আসরে তার
কাছে হারার প্রতিশোধটাও নিয়ে নেন নাদাল। ২০১১ সাল, আবারও নাদাল-ফেদেরার ফাইনাল। বেচেরা ফেদেরার এবারও নাদালের সাথে পেরে উঠেনি। ৭-৫,৭-৬(৭-৩),৫-৭,৬-১ গেমে জিতে বিয়ন বোর্গের ছয়টি ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ডে ভাগ বসান নাদাল। ২০১২ সালের গল্প তো সবার জানা। নোভাক জকোভিচকে ৬-৪,৬-৩,২-৬,৭-৫ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের সপ্তম শিরোপা জিতে নেন নাদাল। সেই সাথে বিয়ন বোর্গের ছয়টি ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ড ভেঙ্গে দেন। এদিকে জকোভিচেরও ছিল রেকর্ড গড়ার সুবর্ণ সুযোগ। ৪৩ বছর পর টানা চারটি গ্র্যান্ডসø্যাম জয়ের রেকর্ডের হাতছানি ছিল তার সামনে। ১৯৬৯ সালে রড লেভার এ কীর্তি গড়েছিলেন। কিন্তু তা আর হতে দেননি নাদাল। এ পর্যন্ত ১১ টি গ্র্যান্ডসø্যাম জিতে রড লেভার ও বিয়ন বোর্গের পাশে বসেছেন নাদাল,যা ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। ১২ টি গ্র্যান্ডসø্যাম নিয়ে তৃতীয় স্থানে আছেন রয় এমারসন। পিট সাম্প্রাস জিতেছেন ১৪ টি, তিনি আছেন দ্বিতীয় স্থানে। ১৬ টি গ্র্যান্ডসø্যাম জিতে সবার শীর্ষে আছেন রজার ফেদেরার। তবে রাফায়েল নাদাল যেভাবে খেলছেন তাতে ফেদেরারের রেকর্ড হুমকির মুখে বলেই মনে হয়।
ইশতিয়াক হোছাইন





>
>
>